মহাসড়কের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেলটি চুর্ণ-বিচুন্ন হয়ে যায় এবং ঘাতক ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পতিত হয়।
এর আগে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় দুইজনই মারা যায়। গত ২০ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ শুক্রবার রাত আটটার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহতরা হলেন- চকরিয়ার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন মর্মান্তিক এই দুর্ঘটনায় বাবা ও ছেলে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আটটার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিঙ্গা বাজারে যাচ্ছিল মোটর সাইকেলে করে। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ##
