চকরিয়া থানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ডকিং স্টেশন ও বডিওর্ন ক্যামেরা সংক্রান্ত ব্রিফিং ও সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত ব্রিফিং ও সভায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন উপস্থিত সাংবাদিকদের ডকিং স্টেশন ও বডিওর্ন ক্যামেরার ব্যবহারবিধি, কার্যকারিতা ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে বডিওর্ন ক্যামেরার ব্যবহার ভোটকেন্দ্র সমূহে শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং যে কোনো অভিযোগের নিরপেক্ষ যাচাইয়ে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও দায়িত্ব পালনকালে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিশ্বাসযোগ্য হবে এবং ডকিং স্টেশনের মাধ্যমে ধারণকৃত ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও প্রয়োজনে পর্যালোচনা করা সম্ভব হবে। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনী ভোটকেন্দ্র সমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চকরিয়া থানা এলাকায় জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। ব্রিফিংকালে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। অন্য দিকে যে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড প্রতিরোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।এ সময় চকরিয়া থানার ওসি তদন্ত নুর আলম মাসুম সিদ্দিকী ও এসআই শোহারাব সাকিব সহ অন্যরা উপস্থিত ছিলেন।।
