১। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনীর অংশ হিসেবে ৩৮ বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। ২। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা ৩৮ বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ৩৮ বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ৩। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে ৩৮ বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামুলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। ৪। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে ৩৮ বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। ৫। আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ৩৮ বিজিবি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বান্দরবানের ০৮ টি উপজেলার মধ্যে ২টি উপজেলায় ৩৮ বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ৬। এছাড়া ঝুঁকি বিবেচনায় ৩৮ বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরের র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। ৭। ৩৮ বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।সাংবাদিকগণ কর্তৃক প্রশ্নঃ প্রশ্ন-১। থানচি উপজেলার ভোটকেন্দ্র গুলো দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিভাবে যোগাযোগ রক্ষা করা যাবে? উত্তরঃ বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি/ক্যাম্প সমূহে স্টারলিংক ও রেডিও লিংকের মাধ্যমে ইন্টারনেট এবং রেডিও কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবস্থা চালু আছে। এছাড়া ক্যাম্প হতে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সদস্যগণ ক্যাম্পের সাথে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকবে। ফলে ভোটকেন্দ্রের পরিস্থিতি সর্ম্পকিত সকল সংবাদ বিজিবির নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং বিজিবি কর্তৃক অনতি বিলম্বে সংশ্লিষ্ট সংস্থা সমূহকে জানানো হবে। প্রশ্ন-২। থানচি উপজেলার ভোটকেন্দ্রগুলো অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। নির্বাচন সামগ্রী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোটকেন্দ্রে পৌছানোর জন্য বিজিবি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কিনা? উত্তরঃ বান্দরবান জেলার বিশেষ করে থানচি উপজেলার ভোটকেন্দ্রগুলা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। নির্বাচন সামগ্রী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোটকেন্দ্রে পৌছানোর জন্য রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারগণ পরিকল্পনা করে থাকেন। বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর পদাতিক পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস আলোকিত চকরিয়া ডট কম কে জানান, যদি এ বিষয়ে আমাদের কাছে কোন সহযোগিতা চাওয়া হয় বা দায়িত্ব প্রদান করা হয় তাহলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।
