ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশে মানুষের জান-মাল ও সম্পদের নিরাপত্তা নেই, আইনের শাসন চরমভাবে অবনতির দিকে। উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির। নির্বাচনকে সামনে রেখে সঠিক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করে তোলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এমন বাস্তবতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা কঠিন। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানোয়ার হোসেন সজীব দেশ রূপান্তরকে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।
