লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্রাক্টর গাড়ি উল্টে মোঃ শাহাব উদ্দিন (২৩) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৪ জন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রবিউল হোসেন জানান, দুপুর ১২টার দিকে হাঁসের দিঘি এলাকা থেকে একটি ট্রাক্টর সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইট দিতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টর আরোহী আহত ২ জনকে মুমূর্ষ অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘন্টাখানেক পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাব উদ্দিনের মৃত্যু হয়। চালক মোঃ রহিম এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। নিহত সাহাব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপাড়া এলাকার বাসিন্দা ট্রাক্টর মালিক মোঃ কাদের হোসেনের ছেলে। এ ঘটনায় মোটর সাইকেলের ৩ জন আহত হয়েছেন। এরা হলেন, নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর (৩০)। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
